মুন্সিগঞ্জে যুবদলের সমাবেশের পাশে হাতবোমা বিস্ফোরণ, আটক ১

মুন্সিগঞ্জে উপজেলা যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতু উত্তর থানার পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে মাওয়া এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে উপজেলা যুবদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে সমাবেশস্থলের বিপরীত পাশে এবং পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে আনুমানিক ৩০০ মিটার দূরত্বে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে রাসেলকে আটক করেন এবং পরে তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

ঘটনার বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে ককটেল নয়, বরং ছোট একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটককৃত যুবক এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।