সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ তোলেন। মন্ত্রীর জবাবের সময় হইচই করেন ১১ দলীয় জোটের এমপিরা। এসময় মন্ত্রী বলেন, ‘আমি নতুন মন্ত্রী, বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে আমার অসুবিধা হয়।’
হইচইয়ের মধ্যে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্য, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা প্রশ্ন নেব। কিন্তু, এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’
হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে হাসনাত বলেন, সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের মহোত্সব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে।
কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে এনসিপির এই এমপি বলেন, ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি জানতে চান, ডিলার নিয়োগে এই অনিয়ম সুপরিকল্পিত ছিল কি না এবং নিয়োগগুলো আবার পর্যালোচনা করা হবে কি না। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।
মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেওয়া ছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছিল, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই যেন ডিলার নির্বাচন করা হয়।
তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিন জনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে।
মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের সইসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক সইয়ে এসব প্রস্তাব পাঠানো হয়নি।