স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। জার্মানি থেকে হিটলারের নািস বাহিনীর সদস্যরা পালিয়ে গিয়েছিল, তারাও আর ফিরতে পারেনি। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আগের দিন সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। সেটির পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এই বিবৃতি দেন।
‘অপারেশনের সময় রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনশৃঙ্খরা বাহিনী যে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবে’
বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ক্ষমতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপারেশনের সময়ে রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে প্রয়োজনে তারা যে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণ দিতে হয়েছে। সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। কক্সবাজারে অভিযানে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নিহত সেনাসদস্যের পরিবারের জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে দেশের শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
‘মানবাধিকারের সীমারেখার মধ্যেই চক্রান্ত নস্যাত্ করা হবে’
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে আই রিপিট, প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাত্ করা হবে।
‘সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠন গার্মেন্টস আন্দোলনের নেতৃত্বে’, হইচই
পোশাক খাতে অস্থিরতার সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ। দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া পোশাক খাতে অস্থিরতায় সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও সেই দলের নাম বলেননি তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাকশিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আমরা শুরুতেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছি। সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, শ্রমিক ও মালিকপক্ষসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেই মজুরি বোর্ডের কয়েকটি মিটিংও হয়েছে, তারা সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করবেন। খুব শিগিগরই। এই উদ্যোগ শ্রমিক ও মালিক উভয় পক্ষ মেনে নিয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন। এরপরও একটি মহল নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে তাদের শ্রমিক সংগঠন এবং গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে উসকানি দিয়ে মজুরি বোর্ড গঠনে ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে পতিত অবৈধ সরকারের পলাতক মন্ত্রী, এমপি ও নেতৃবৃন্দের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ সুস্পষ্ট ভাষায় দাবি করেছে এই উসকানির সঙ্গে জড়িত গোষ্ঠী কেউ সাধারণ শ্রমিক নন। এরা শ্রমিকের নামে নাশকতামূলক পতিত ফ্যাসিবাদদের সুপ্ত শক্তি এবং তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও দিয়েছে।
তিনি বলেন, আমরা দেখেছি সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতারা যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি নাম ধরে বললে হয়তো অনেকে এখানে প্রীত হবেন না।
এ সময় সংসদে হইচই শুরু হয়। বিরোধী দলের কয়েক জন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সংসদীয় রীতিনীতি অনুসরণ করতে চাই। আপনাদের বক্তব্য থাকলে আমার বক্তব্যের পরে ফ্লোর নিয়ে দয়া করে বলবেন। এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেজন্য আমি কারো নাম নেইনি এবং কোনো দলের উল্লেখও করিনি।
খুন, সীমান্তে হত্যা, চুরি, ডাকাতি ও দস্যুতা কমেছে
বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পযন্ত দেশে ২ হাজার ৯৩৮ জন খুন হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ৬৫১ জন। অর্থাত্ এক বছরের ব্যবধানে খুনের সংখ্যা ২৮৭টি কমেছে। একই সময়ে দাঙ্গা বা মবের ঘটনা ৫৫টি থেকে কমে ১৬টিতে নেমেছে। তিনি বলেন, এটা স্পষ্টতই উন্নতির লক্ষণ। সেটা আমাদের যে কোনো ডাটা অ্যানালাইসিসে যে কোনো সদস্য দেখতে পারেন, সত্যতা যাচাই করতে পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সময়ের সঙ্গে তুলনা না করে পরিস্থিতির অবনতি হয়েছে বলা ঠিক নয়। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও কমেছে ১২৫টি। চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনাও উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করেন তিনি।
ভারত থেকে এসে বৈঠকের অভিযোগ, সাত জন গ্রেফতার
ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক করার অভিযোগে রঞ্জিত সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে খবর এসেছে, পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর সদস্য রঞ্জিত সরকার ভারত থেকে দেশে প্রবেশ করে একটি বৈঠক শেষে আবার ভারতে চলে গেছেন। কোন সীমান্তপথ দিয়ে তিনি দেশে প্রবেশ করেছিলেন, তা শনাক্ত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। মন্ত্রী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১০৭ জনকে। বৈঠকে অংশ নেওয়া সাত জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে সুনামগঞ্জ ও সিলেটে যৌথ অভিযান চলছে।
মবের অস্তিত্ব যেন না থাকে সেজন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে
বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সেজন্য সরকার চূড়ান্ত ব্যবস্থ নেবে। ধীরে ধীরে দেশে কোনো মব থাকতে পারবে না। মবের অস্তিত্ব যেন আর না থাকে, সরকার সে ব্যবস্থা নেবে।
অগ্নিসংযোগ আ.লীগের পুরোনো অপসংস্কৃতি
দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। ২০০৪ সালের ৪ জুন শাহবাগে তত্কালীন হোটেল শেরাটনের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে তারা আগুন দিয়েছিল। ঐ ঘটনায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে আরো দুজনসহ মোট ১১ জন নিহত হন। এ ঘটনায় তত্কালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায়।
ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্তু শুরু করবে
বিগত সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্ত শুরু করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে
বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সরকার দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা ও মহানগর এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, কিশোর গ্যাং ও মব সহিংসতা নির্মূলেও সরকার কাজ করছে।
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
এদিকে, গতকাল সংসদে প্রশ্নোত্তরে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আট জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।