যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী যে অবস্থায় ছিল, সেই অবস্থায় আর কখনোই ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (১১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক একান্ত সাক্ষাৎকারে গালিবাফ বলেন, আট মাসব্যাপী চলা এই সংঘাত অবসানে তেহরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ জলপথটি তদারকির বিষয়ে ইরান এবং ওমান একটি সমঝোতায় পৌঁছেছে।
তিনি বলেন, ‘সেখানে কোনো উন্মুক্ত জলসীমা বা আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন এই প্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালীর অভ্যন্তরীণ নিয়মকানুন এর সীমান্তবর্তী দুটি উপকূলীয় রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।’
গালিবাফ জানান, শান্তি আলোচনার জন্য সাতটি শর্তসহ কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট জবাব দিয়েছে এবং ইরান এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।
তিনি মন্তব্য করেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’
ইরানের প্রধান আলোচকের রূপরেখা অনুযায়ী তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের অবসানের স্পষ্ট ঘোষণা দেওয়া।
তিনি বলেন, এই দাবিগুলো গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এগুলোর বাস্তবায়ন জরুরি।
গালিবাফ বলেন, ‘আমেরিকা যদি অতিরিক্ত দাবি না করে বা অবিশ্বাস তৈরি করে এমন আচরণে লিপ্ত না হয়ে যা সম্মত হয়েছে তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে, তবে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। চুক্তির পথে যা বাধা হয়ে দাঁড়িয়েছে তা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’
তিনি জানান, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার মধ্যস্থতা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন।
ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি পরাজয়ের সম্মুখীন হবেন এবং জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকে রাজনৈতিক চাপের মুখে পড়বেন।
তিনি বলেন, ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সামরিক সক্ষমতাসহ একটি টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান।
ইয়েমেনে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং আনসার আল্লাহ বা হুথি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান লড়াই সম্পর্কে গালিবাফ বলেন, এতে ‘কারো হস্তক্ষেপ করা উচিত নয়’।
তিনি আরও বলেন, ‘ইয়েমেন সরকার এবং সৌদি আরব উভয়ই যদি আমাদের সাহায্য চায়, তবে তাদের সংঘাত সমাধানে আমরা অবশ্যই আমাদের সহায়তা প্রদান করব।’
উল্লেখ্য, সৌদি আরবে একের পর এক প্রাণঘাতী হামলার পর গত অক্টোবরে ইরান সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
সূত্র: আল জাজিরা