গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচার হওয়া কয়েদি হাসমত আলী (৪৪) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসমত আলী পেটে তীব্র ব্যথার কথা জানান। শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামক জটিল শারীরিক সমস্যা শনাক্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসকরা জরুরি পরীক্ষা-নিরীক্ষা করে পেটের ভেতর বিপুলসংখ্যক ধাতব ও অপচনশীল বস্তুর অস্তিত্ব দেখতে পান। পরে গত ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা বের করে আনেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসমত আলীর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন। কারাগারে বন্দি থাকা অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়। পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি গোপনে ময়লা-আবর্জনা থেকে পরিত্যক্ত গ্যাস লাইটার ও অন্যান্য বস্তু সংগ্রহ করে খেয়ে ফেলতেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ধরা পড়ে।
কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সফল অস্ত্রোপচারের পর হাসমত আলী বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত আছেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।