হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ প্রণালি—এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া সাত দফা শর্তের অংশ হিসেবে এ সমঝোতা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সম্প্রচারিত আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এ প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির নিয়মকানুন এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী পরিচালিত হয়।

যুদ্ধ বন্ধে সাত দফা শর্ত

গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সাত দফা শর্তের বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব দাবি অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে শর্তগুলোর বাস্তবায়ন প্রয়োজন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ না করে আগে সম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাসের কথা উল্লেখ করেন তিনি।

নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা

গালিবাফ জানান, মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এমন পদক্ষেপ নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। পাশাপাশি আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন তিনি।

গালিবাফ বলেন, ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়। এ জন্য সামরিক সক্ষমতাসহ টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ইয়েমেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব

ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, এ সংঘাতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষ ইরানের সহায়তা চাইলে সংঘাত নিরসনে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত।

এর আগে গত অক্টোবরে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।

সূত্র: আলজাজিরা