কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের অন্যতম হোতা।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নারায়ণপুর এলাকার ইছারপুল সেতুর ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা গ্রামের খোকন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বাংলাদেশ সীমান্তের ২০৫৭/২-এস নম্বর প্রধান সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল সেতুর ওপর থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকার একটি চোরাকারবারি চক্রের অন্যতম হোতা।

ওসি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।