ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা আটজন চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরে যাচ্ছেন। তাদের মধ্যে ইতিমধ্যে দুজন চীনে ফিরে গেছেন এবং আগামী ১৩ নভেম্বর বাকি ছয়জন ঢাকা ছাড়বেন।
চলতি নভেম্বরের শেষের দিকে তাদের কোর্স শেষ হওয়ার কথা থাকলেও সম্প্রতি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের উদ্বেগ থেকে তারা আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই শিক্ষার্থীরা মূলত একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন এবং তাদের কোর্সটি প্রায় শেষের দিকে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের পরিবার কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ায় আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই এই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে।
চলমান পরিস্থিতি নিয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে হল প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে আগেই টিকিট কেটে ফেলেছিলেন। তবে বৈঠকে হল প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং ৬টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সাম্প্রতিক নিরাপত্তামূলক পদক্ষেপগুলোর বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের ওই বৈঠকে বিস্তারিত জানানো হয়।