ঝিনাইদহে ৪২০ বস্তা সার জব্দ: বৈধ কাগজ দেখাতে মালিককে ৭ দিনের সময়

ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটকের পর সেগুলোর বৈধ কাগজপত্র জমা দিতে মালিককে সাত দিনের সময় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অথচ আটকের সময় ট্রাকচালক সারের কোনো বৈধ চালান দেখাতে পারেননি। এমনকি ট্রাক ও সারের মালিক শোভন মিয়া স্থানীয়দের কাছে অবৈধভাবে সার সরবরাহের বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেন। পরে স্থানীয়দের ভিড়ের মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যান তিনি।

এ অবস্থায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ট্রাক আটকের পরও মালিককে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলায় একের পর এক অবৈধভাবে সার মজুত ও পরিবহনের ঘটনায় প্রতিরোধে নেমেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রশাসনের যথাসময়ে কার্যকর পদক্ষেপের অভাব এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সার বিপণন ব্যবস্থায় অনিয়ম বাড়ছে। সরবরাহে ঘাটতি না থাকলেও বিতরণ ব্যবস্থার ত্রুটিতে প্রকৃত কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। এতে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ পাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করেন স্থানীয় লোকজন। ট্রাকটির নম্বর রাজবাড়ী-ট-১১-০১৪১। এতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার জন্য ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করা হয়েছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি থামিয়ে চালকের কাছে সারের পরিবহনসংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু চালক কোনো মেমো বা বৈধ চালান দেখাতে পারেননি। এ সময় চালক ও তার সহকারী পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল ইসলাম জানান, ট্রাক আটকের পর জেলা প্রশাসক, পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেওয়া হয়। কিন্তু ঘটনাস্থল শহরের মধ্যে হলেও প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় নেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি শহরের আরাপপুর এলাকায় গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল। পরে সেটি ঝিনাইদহ সদর থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে তাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে চালকের কাছে সারের কাগজপত্র চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। ট্রাকে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। এ বিষয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারকে জানান।

জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আটক করা সারবোঝাই ট্রাকটি দেখেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার কেনাবেচা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

এদিকে ট্রাক ও সারের মালিক শোভন মিয়া স্থানীয়দের কাছে অবৈধভাবে সার সরবরাহের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘অবৈধ সার সরবরাহ করা আমার চরম ভুল হয়েছে। সারটি নওয়াপাড়া মেঘলয় ঘাট থেকে সৌরভ নামে এক ব্যক্তি লোড করে পাঠিয়েছেন। ভবিষ্যতে আর এমন অপরাধ করব না।’ এ কথা বলার পর স্থানীয়দের ভিড়ের মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যান তিনি। অর্থাৎ অবৈধভাবে সার সরবরাহের দায় স্বীকার করলেও সারটি সৌরভ নামে এক ব্যক্তি লোড করে পাঠিয়েছেন বলে দাবি করেন শোভন মিয়া।

সারের মালিকের এমন বক্তব্য এবং ঘটনাস্থল থেকে তার পালিয়ে যাওয়ার পরও বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়ায় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, সারসহ ট্রাকটি সদর থানায় রাখা হয়েছে। সারের মালিককে বৈধ কাগজপত্র সরবরাহের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন সারবোঝাই ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনার পর কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সারের কাগজপত্র না থাকলে তা সরকারি হেফাজতে নেওয়া হবে।

এদিকে, অবৈধ সার আটকের পর মালিককে বৈধ কাগজপত্র জমা দেওয়ার সময় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমাকে কেন জিজ্ঞেস করছেন? এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর কৃষি কর্মকর্তা দেখবেন।’ এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের ডুগডুগি বাজারে দুটি ট্রাকে অবৈধভাবে সার মজুতের অভিযোগ ওঠে।

স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে জানালেও তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হলেও তারা কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যান বলে দাবি স্থানীয়দের। পরে রাত ৯টার দিকে মজুত করা সার গোপনে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাক দুটি আটক করেন।

জেলায় পরপর সার মজুত ও পরিবহনের এমন ঘটনায় সার বিপণন ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুত ও পরিবহনের সুযোগ পাচ্ছেন। এতে সরবরাহ স্বাভাবিক থাকার পরও প্রকৃত কৃষকেরা প্রয়োজনীয় সার থেকে বঞ্চিত হচ্ছেন।