ইন্টারনেটের ব্যবসা কী হালাল

তথ্য প্রযুক্তির এ সময়ে ইন্টারনেট আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ। ইন্টরনেটে মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের খবর আদান-প্রদান করা যায়। 

ইন্টারনেটের কল্যাণে ভালো ও কল্যাণকর বিষয়ের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেয়া যায়। আবার অন্যায় ও পাপাচারের বিষয়ও ছড়িয়ে দেওয়া যায়।

ইসলামে যেসব ব্যবসায় হালাল-হারাম দুই দিকের সম্ভাবনা রয়েছে এমন ব্যবসায় মূলনীতি হলো- যে বস্তুটি দ্বারা হারাম ও হালাল উভয় কাজ করারই সুযোগ রয়েছে, তা কাউকে দেওয়া, বিক্রি করা সবই জায়েজ। সে হিসেবে ইন্টারনেটের মাধ্যমে ভালো ও মন্দ উভয় কাজই করা যায়। তাই এর ব্যবসা জায়েজ আছে।

এরপর যদি ক্রেতা গোনাহের কাজ করে, তাহলে এর জন্য দায়ী হবে গোনাহকারী ব্যক্তি। তবে যদি নিশ্চিত জানা থাকে যে, লোকটি শুধু গোনাহের কাজই করবে, তাহলে তার কাছে বিক্রয় করা জায়েজ হবে না।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। (সুরা মায়িদা, আয়াত: ০২)
 
ফতোয়ার কিতাবে এসেছে, যা কিছু উপকারী তা জায়েজ, তাই তা বিক্রি করা জায়েয, কারণ প্রত্যেক বস্তু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে।  

মহান আল্লাহ বলেন, ‘তিনিই জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’ (আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু:  ৪/২১৭)

তবে মনে রাখতে হবে, যে বস্তুর মাধ্যমে অধিকাংশ কাজই হারাম হয়, তার ব্যবসা, তা বিক্রয়, দান করা জায়েজ নয়। (ফতোয়ায়ে হিন্দিয়া: ৩/১১৬)

যেসব মাসয়ালায় হালাল-হারাম দুই দিকের সম্ভাবনা থাকে এমন মাসয়ালায় তাকওয়া হলো, এ ক্ষেত্রে যথাসম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করা। কারণ, কারও পক্ষে সবার সম্পর্কে জানা সম্ভব নয়- সে কোন কাজে ব্যবহার করবে? নিরাপদ হচ্ছে এমন ব্যবসা থেকে নিজেকে বিরত রাখা। আবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে ইন্টারনেটের ব্যবসা জায়েজ। কারণ এটি একটি সেবা।