যশোর বোর্ডে এইচএসসি পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ফরম পূরণ কার্যক্রম শেষে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৩৯ হাজার ২২৭ জন পরীক্ষার্থীর তালিকা চূড়ান্ত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। প্রকাশিত ফলাফলে পাস করে ৫০ হাজার ৬৬৮ জন এবং অকৃতকার্য হয় ৬২ হাজার ১২৪ জন। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে এক ও দুই বিষয়ে ফেল করা ৩৯ হাজার ২২৭ জন পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ে ফরম পূরণ সম্পন্ন করেছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে খুলনা জেলা; সেখানে পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৪৯৪ জন। এ ছাড়া যশোরে ৬ হাজার ২৭৫ জন, ঝিনাইদহে ৫ হাজার ১০৬ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৯ জন, সাতক্ষীরায় ৪ হাজার ২৯২ জন, বাগেরহাটে ৩ হাজার ৪৫ জন, মাগুরায় ২ হাজার ৬৭৬ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার ২৪৪ জন, নড়াইলে ১ হাজার ৮১৩ জন এবং মেহেরপুরে ১ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশ নেবে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে এবং আজও নতুন করে কিছু শিক্ষার্থীর ফরম পূরণ করা হয়েছে। পুনঃপরীক্ষা গ্রহণের সব ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্র বিন্যাস প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ শিক্ষার্থীর জন্য একটি করে কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যার আধিক্য বিবেচনায় উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক কেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।