নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে লুবাবা এ আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ করবেন না।’
লুবাবা আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।’
পোস্টের শেষাংশে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও দ্বীনি সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে অনুমতি ছাড়া তার কোনো ছবি ব্যবহার না করতে অনুরোধ করেন এই শিল্পী।