আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে সাধারণ ধর্মঘট, অংশ নিলেন ৪০ লাখ মানুষ

ক্রমবর্ধমান আবাসন সংকট ও আকাশচুম্বী বাড়িভাড়া কমানোর দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে স্পেনে। বুধবার (১১ নভেম্বর) ‘চার্লস’ ও ‘ব্রুনা’ নামের দুটি শক্তিশালী ঝড়ো আবহাওয়া উপেক্ষা করেই এই ধর্মঘটে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ মানুষ, যা দেশটির মোট শ্রমশক্তির এক-পঞ্চমাংশ। ইউরোপের এই দেশটিতে দীর্ঘ ১৪ বছর পর এ ধরনের বড় পরিসরে সাধারণ ধর্মঘট পালিত হলো।

স্পেনের আগাম সাধারণ নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে দেশের দুটি বৃহত্তম শ্রমিক ইউনিয়ন—জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) এই ধর্মঘটের ডাক দেয়। ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্বকারী এই দুই সংগঠনের পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়া সংগঠনগুলোও কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেয়।

ইউনিয়নগুলোর ভাষ্যমতে, দিনের বেলা কর্মসূচিটি মূলত শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার কিছু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বার্সেলোনায় মূল মিছিল শেষ হওয়ার পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে মাদ্রিদের কেন্দ্রস্থল ‘প্লাজা দে এস্পানিয়া’ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।

পুলিশ জানিয়েছে, ধর্মঘট চলাকালে সারা দেশে অফিস ও শিল্প এলাকায় অবরোধ সৃষ্টি এবং আবর্জনার কন্টেইনারে আগুন দেওয়াসহ অন্তত ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শ্রমিক ইউনিয়নগুলোর অভিযোগ, পুলিশের অভিযানে টিয়ার গ্যাস ও লাঠির ব্যবহার ছিল ‘অসামঞ্জস্যপূর্ণ’, যাতে অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ঘটনায় ফৌজদারি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে ইউনিয়নগুলো।

বিক্ষোভ ও অস্থিরতার আশঙ্কায় মাদ্রিদের প্রধান কেনাকাটার সড়ক ‘গ্রান ভিয়া’তে দাঙ্গা পুলিশের কড়া উপস্থিতির মধ্যেই প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম এবং পুল অ্যান্ড বিয়ারের মতো বড় ব্র্যান্ডগুলো তাদের দোকানপাট বন্ধ করে দেয়। বার্সেলোনায়ও নিরাপত্তার স্বার্থে অনেক দোকানের সামনে কাঠের তক্তা দিয়ে বেড়া দিতে দেখা গেছে।

ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটকে সফল দাবি করেছে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে আবাসন সংকট তীব্র হওয়ায় সেখানে ধর্মঘটের সমর্থন ছিল সবচেয়ে বেশি। অবশ্য ঝড়ো আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ক্যাডিজসহ দক্ষিণের কয়েকটি শহরে বিকেলের প্রতিবাদ মিছিল স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় ভাড়া বাসার ওপর চাপ বেড়েছে। স্পেনের ‘ইউথ কাউন্সিল’-এর হিসাব মতে, দেশটিতে গড় বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা), যা একজন তরুণ কর্মজীবীর গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশের সমান।

মাদ্রিদের একটি হাসপাতালের আইটি কর্মী ৩৬ বছর বয়সী জেসাস গঞ্জালেস ক্ষোভ প্রকাশ করে বলেন, বয়স ৩৬ হলেও তিনি এখনো আলাদা বাসা নিয়ে থাকতে পারছেন না; বাড়িভাড়া ও দাম যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

অন্যদিকে, স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওই-র ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল মনে করেন, এই ধর্মঘট উল্টো ফল বয়ে আনবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই-কে তিনি বলেন, আবাসন সংকটের কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কর্মী নিয়োগে হিমশিম খাচ্ছে। তাই ধর্মঘট না করে আরও বেশি বাড়ি নির্মাণ এবং নির্মাণকাজ ও বাড়ি কেনার ওপর কর কমানোই এই সংকটের প্রকৃত সমাধান।