জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে।
জুবায়ের বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনোভাবেই সহিংসতা, হামলা বা অগ্নিসংযোগের ঘটনা গ্রহণযোগ্য নয়। দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।