জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে ওই ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে দেওয়া হবে।

শীতকালীন ছুটির বিজ্ঞপ্তি

রমজান মাসে ছুটির সময়সূচি ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি নির্ধারণ করবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় সিদ্ধান্তটি অনুমোদন করা হয়েছে।