ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে; সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, প্রতিরোধ ব্যবস্থা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়। এ আয়োজনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক উদ্যোগের সমন্বয় ঘটবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক ও নগর ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগজনক বিষয় হলো, জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু শুধু প্রচারণা নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।’
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি কর্পোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগী হিসেবে পাশে থাকবে।’
সভায় বক্তারা জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব।’