হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৪১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৩৮ জন, রাজশাহীতে ৪৩ জন, সিলেটে ২২৯ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১০৬ জন, ময়মনসিংহে ১১৪ জন, খুলনায় ৮৪ জন এবং রংপুরে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।