এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। পরদিন ২ ডিসেম্বর হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।
আগামী ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে ৫ ডিসেম্বর।
১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে লিখিত পরীক্ষা।
পাশাপাশি ১৫ ডিসেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সকালের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।