ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

ভূমিহীন কৃষক, শিক্ষার্থী, প্রবাসী ও বিদেশফেরত শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় নির্দিষ্ট শর্তে জামানত ছাড়াই ঋণ নেওয়ার সুযোগ পাবেন সুবিধাভোগীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৭ শতাংশ সুদে এ ঋণ বিতরণ করা হবে। জনপ্রতি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকলেও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না। তবে প্রয়োজন মনে করলে ব্যাংক ঋণগ্রহীতার কাছ থেকে দুজন গ্যারান্টর নিতে পারবে।

এ কর্মসূচির আওতায় ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের পাশাপাশি শিক্ষার্থী, প্রবাসী, বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা ঋণ নিতে পারবেন। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও এ সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। অন্যদিকে, সর্বোচ্চ পাঁচজন মিলে যৌথভাবে এ তহবিল থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রাহকদের সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। অর্থাৎ ঋণ গ্রহণের পর প্রথম ছয় মাস কিস্তি পরিশোধ করতে হবে না। এ সময়সীমা শেষ হলে কিস্তি পরিশোধ শুরু করতে পারবেন গ্রাহকরা। তবে কোনো ঋণখেলাপি এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন না।