সাবেক আইজিপি বেনজীরের যুক্তরাষ্ট্রে বাড়ির সন্ধান, ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এনিয়ে মামলাটিতে ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আর মামলার তদন্ত কর্মকর্তা সম্পূরক চার্জশিটে যুক্তরাষ্ট্রে বেনজীরের বাড়ি কেনার তথ্য পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেন। আসামি পলাতক থাকায় তার পক্ষে জেরা করা সম্ভব হয়নি। সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। 

দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এসে আসামি বেনজীরের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার নতুন তথ্য পেয়েছেন এই তদন্তকারী কর্মকর্তা। আগের চার্জশিটে বাড়ির কেনার জন্য ব্যাংক ট্রানজেকশন কোনও তথ্য ছিল না। এজন্য তদন্ত কর্মকর্তা নতুন করে সম্পূরক চার্জশিট দাখিল করেন। সেখানে টাকার পরিমাণ ও সাক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেনজীরের ৩১টি ব্যাংকের হিসাবে ৫৯ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ১২৫ টাকা এবং বিভিন্ন উৎস থেকে ১৮ কোটি ৮১ লাখ ৪৭ হাজার ৭৭০ টাকার তথ্য পাওয়া গেছে। সর্বমোট জ্ঞাত আয়বহির্ভূত ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।’ 

এর আগে, গত ৮ মার্চ মামলার চার্জশিট আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে, গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।

মামলার অভিযোগপত্রে বলা হয়, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে।

এতে আরও বলা হয়, বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেন। বেনজীর আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

এদিকে, মামলাটির বিচারকালে গত ৭ অক্টোবর মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে বেনজীর আহমেদ ও তার স্ত্রী এবং কন্যার দেশে ও বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন উল্লেখ করা হয়। 
এছাড়াও চার্জশিট মোট সাক্ষীর সংখ্যা ৪৭ জন করা হয়েছে।