‘খাল কেটে কুমির আনা’ একটি জনপ্রিয় বাংলা বাগধারা। যার অর্থ নিজে থেকেই নিজের বিপদ ডেকে আনা। তবে বিপদ থেকে বাঁচতে খাল কেটে কেন কুমির আনার কথা ভেবেছিল রোমানিয়ার চতুর্থ বিভাগের ফুটবল ক্লাব স্টুয়া নিকোলা বালচেস্কু।
২০০৩ সালে রোমানিয়ার এই ক্লাবকে মাঠে দর্শক ঢুকে পড়া ও দাঙ্গার কারণে লিগ থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়। তখন ক্লাব চেয়ারম্যান আলেকজান্দ্রা ক্রিঙ্গুসের মাথায় আসে অদ্ভুত সমাধান। তিনি চেয়েছিলেন মাঠের চারপাশে পরিখা বা খাল খনন, আর যে পরিখা ভরা থাকবে কুমিরে!
ক্রিঙ্গুস নিজের পরিকল্পনা নিয়ে বলেছিলেন, ‘আমি মজা করছি না। কুমির জোগাড় করা কঠিন কিছু না, কসাইখানা থেকে মাংস এনে খাওয়ানো যাবে। খাল এতটাই চওড়া হবে, যাতে কেউ তা লাফিয়ে পার হতে না পারে। কেউ চেষ্টা করলে কুমিরের সামনে পড়তে হবে। তখন মাঠে দর্শক ঢোকার সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে।’
ফুটবলারদের স্বাস্থ্যসুরক্ষার কথাও ভেবেছিলেন ক্রিঙ্গুস। মাঠ থেকে খানিকটা দূরে খাল তৈরি চেয়েছিলেন তিনি। যাতে খেলোয়াড়েরা ভুলে গিয়ে পড়ে না যান। কুমিরদের জন্যও শীতকালে পানিতে গরম রাখার পরিকল্পনা ছিল বৈদ্যুতিক পাইপ দিয়ে।
অবশ্য স্থানীয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই রোমাঞ্চকর প্রস্তাবকে অনুমতি দেয়নি। ফলে ফুটবল মাঠে কুমিরের খাল দেখার স্বপ্নও থেকে গেল কেবল কল্পনায়।