রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখার সময় সচিব শ্রেণিকক্ষ, ক্যাম্পাস, প্রশাসনিক কার্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দেন আবদুল খালেক। তার মতে, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্র আরও বিস্তৃত হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিনয় ও ভালো আচরণের চর্চা গড়ে তোলার ওপরও জোর দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচিব বলেন, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মান বাড়ানো, প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান সিনিয়র সচিব। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পরামর্শ দেন তিনি।