নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাঞ্চন বাজার-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ২৪ দাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
নিহত আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার টেস্ট পরীক্ষার শেষ দিনে সে অংশ নেয়। আর নিহত শাহাদাত হোসেন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী আব্দুল করিম, ইটভাটার শ্রমিক শাহাদাত হোসেন ও শামীম তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিলেন। পথে নির্মাণাধীন একটি নতুন সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি পিছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শামীমকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত অপর কিশোরের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।