ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১৯ অক্টোবর এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিভাগের একটি আদেশে বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়।
পরে হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ দায়ের করা হয়। বুধবার শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর জারি করা কমিটি বাতিলের আদেশ বহাল থাকে।
এদিকে আদালতের এ আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় বরাবর পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।