মহিলা কলেজ চাইলেন স্পিকারও, শিক্ষামন্ত্রী বললেন, ‘কলমাকান্দা ভুলব না, নামটি সুন্দর’

নেত্রকোনার কলমাকান্দা এবং সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলো লিখে রাখার আহ্বান জানান তিনি। জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘কলমাকান্দা ভুলব না, নামটা অত্যন্ত সুন্দর।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে নারী শিক্ষার সম্প্রসারণ এবং মহিলা কলেজ প্রতিষ্ঠা নিয়ে আলোচনার সময় তাদের মধ্যে এ কথোপকথন হয়।

আলোচনায় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, কলমাকান্দায় মহিলা কলেজ প্রতিষ্ঠার বিষয়টি যেন শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়। এ জন্য সংসদ সদস্য আশরাফউদ্দীন নিজামকে বিষয়টি লিখে রাখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে ধর্মপাশা ও মধ্যনগরেও মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘কলমাকান্দার নামটা একটু আশরাফউদ্দীন নিজাম মহোদয় যদি একটু লিখে রাখতেন, উনাকে (শিক্ষামন্ত্রী) দেওয়ার জন্য।’

পরে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান এবং কলমাকান্দার দাবির বিষয়টি বিবেচনায় রাখার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কমলাকান্দা, ভুলব না। নামটা অত্যন্ত সুন্দর।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, লাকসাম উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবের পাশাপাশি অন্য সংসদ সদস্যরাও নারী শিক্ষার সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকারও নারী শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সকলেই নারী শিক্ষার সম্প্রসারণ চাই, যেটা চেয়েছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া।’

আ ন ম এহসানুল হক মিলন বলেন, নারীরা যেন ঘরে বসে না থাকেন, সে লক্ষ্যেই বেগম খালেদা জিয়া মেয়েদের উপবৃত্তি চালু করেছিলেন। শুরুতে দশম শ্রেণি পর্যন্ত এ সুবিধা দেওয়া হলেও পরবর্তী সময়ে উচ্চমাধ্যমিক পর্যায়েও তা সম্প্রসারণ করা হয়। নারী শিক্ষার অগ্রগতিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।