দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আবেদনকারী পক্ষের তথ্য অনুযায়ী, সারা দেশে লাইসেন্সহীন ও অবৈধ ইটভাটার অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর পক্ষে একটি রিট দায়ের করা হয়।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট অবৈধ ইটভাটা বন্ধের রুল ও নির্দেশ দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া বিভিন্ন আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি অবৈধ ইটভাটাগুলো নতুন করে চালুর পাঁয়তারা চলছে—এমন তথ্য জানতে পেরে এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে একটি সম্পূরক আবেদন দাখিল করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এই নতুন নির্দেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ আলী।

আদেশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, দেশের অবৈধ সব ইটভাটা বন্ধে পূর্বে দেওয়া আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।