নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেট আকারে এটি প্রকাশিত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এতে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৭৫ শতাংশ। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বাড়বে।

তবে পেনশন বৃদ্ধির পর বিভিন্ন স্তরে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, বিদ্যমান নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত হলে সর্বোচ্চ ১৮ হাজার, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হলে ৩৫ হাজার, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হলে ৪৯ হাজার এবং ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হলে ৬২ হাজার টাকা পাওয়া যাবে। অন্যদিকে, ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা।

একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে তাঁর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাঁদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে।

এ ছাড়া যেসব বিদ্যমান পেনশনভোগী মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পান, তাঁরা ১ জুলাই ২০২৭ তারিখে বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর না হওয়া পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন।

অবসর-উত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। যেসব সরকারি কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬-এর আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা তার পরও চলমান রয়েছে, তাঁরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন-ভাতা পাবেন। তবে ছুটি শেষ হওয়ার পর তাঁদের নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের জাতীয় বেতনস্কেলের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

অন্যদিকে, যেসব কর্মচারী ১ জুলাই ২০২৬ বা তার পর অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাঁদের বেতন-ভাতা নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে নিট পেনশন ও আনুতোষিকও একই বেতনস্কেলের বিধান অনুসারে নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে ল্যাম্পগ্র্যান্টের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কর্মচারীর চাকরি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার পর ১ জুলাই অবসর-উত্তর ছুটি শুরু হলে তিনি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাবেন। তবে ১ জুলাই ২০২৬ বা তার পর অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট প্রাপ্য হবেন।

অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।