সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যুক্ত করে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এ তথ্য জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর এবং গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার কাজ করছে।

প্রস্তাবিত এই সংশোধনীতে বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা দেওয়া হবে। পাশাপাশি পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও প্রতিষ্ঠানটিকে দেওয়া হতে পারে।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া গুজব, ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রকাশ করলে প্রেস কাউন্সিল সংশ্লিষ্ট সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা পাবে।

এদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রকৃত সাংবাদিকদের ডেটাবেইস তৈরির বিষয়ে ডিআরইউ, বিএফইউজে এবং ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড নির্ধারণের উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলোই। কে কোন পেশায় আসবেন বা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন, তা সরকারের নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়।” তিনি আরও উল্লেখ করেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।