নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এই ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে বেতন নির্ধারণের কারণে মূল বেতন বাড়লেও নতুন করে কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়, যা বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়েছে। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এতে সই করেছেন।
গেজেটে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কাল—অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার সমপরিমাণ অর্থ এই ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে নির্ধারিত বেতনের ভিত্তিতে এই ভাতা হিসাব করা হবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, ঠিক সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।
ফলে কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা তুলে ফেললে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বাড়লেও পূর্বের ভাতার বিপরীতে কোনো বকেয়া বা অতিরিক্ত অর্থ পাবেন না। অর্থ বিভাগের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে জানানো হয়েছে।