মা ও মেয়ের সঙ্গে প্রেমের গল্প নিয়ে ৫১ বছর পর মুখ খুললেন অভিনেতা হফম্যান

হলিউড অভিনেতা ডাস্টিন হফম্যানের অভিনয়জীবনের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য গ্র্যাজুয়েট’। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে বেঞ্জামিন ব্র্যাডক চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমার গল্পে এক তরুণ একই সঙ্গে মধ্যবয়সী এক নারী ও তার মেয়ের প্রেমে জড়িয়ে পড়েন। তবে দীর্ঘ ৫১ বছর পর এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন হফম্যান। জানিয়েছেন, চরিত্রটির জন্য নিজেকে উপযুক্ত মনে করেননি তিনি। এমনকি নিজের অভিনয়কে ভুল নির্বাচন বা ‘মিসকাস্ট’ বলেও উল্লেখ করেছেন।

সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’তে নিজের জীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ১৯৬৭ সালের এই সিনেমায় অভিনয়ের কথাও তুলে ধরেছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।

বইটি নিয়ে ‘টুডে’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে হফম্যান জানান, সিনেমার প্রধান চরিত্র বেঞ্জামিন ব্র্যাডকের জন্য নিজেকে উপযুক্ত মনে হয়নি তার। লেখক চার্লস ওয়েবের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে বেঞ্জামিনকে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার, পড়াশোনায় ভালো এবং দৌড় প্রতিযোগিতায় পারদর্শী এক তরুণ হিসেবে বর্ণনা করা হয়েছিল। নিজের সঙ্গে চরিত্রটির বর্ণনার মিল খুঁজে পাননি তিনি।

‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার একটি দৃশ্যে

হফম্যান বলেন, ‘কোনো এক অদ্ভুত কারণে পরিচালক মাইক নিকোলস আমাকে সিনেমাটিতে নিয়েছিলেন।’

শুটিং শেষ হওয়ার পরও অভিনেতা নির্বাচন নিয়ে পরিচালকের মনে সংশয় ছিল বলে জানান হফম্যান। তার ভাষ্য অনুযায়ী, কেউ একজন পরিচালককে বলেছিলেন, প্রধান চরিত্রে ভুল অভিনেতাকে নেওয়া হয়েছে, যা দুঃখজনক। এ মন্তব্যে মন খারাপ হয়েছিল নিকোলসের। তার আশঙ্কা ছিল, ভুল অভিনেতা নির্বাচনের কারণে সিনেমাটির গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।

তবে হফম্যানের মতে, সে সময় হলিউডে নায়ক নির্বাচনের প্রচলিত ধারণায় পরিবর্তন আসছিল। নির্মাতারা শুধু সুদর্শন অভিনেতাদের পরিবর্তে সাধারণ চেহারার, বাস্তব মানুষের মতো অভিনেতাদের পর্দায় তুলে ধরতে চাইছিলেন। দর্শকেরা যেন চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পান, সেটিই ছিল তাদের উদ্দেশ্য।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ডাস্টিন হফম্যানের আত্মজীবনী

হফম্যান বলেন, ‘প্রথমবারের মতো তারা পর্দায় সুদর্শন মানুষ চাইছিলেন না। বরং সাধারণ চেহারার, খুঁত আছে এমন বাস্তব মানুষের মতো অভিনেতাদের খুঁজছিলেন তারা। এর কারণ দর্শকেরা যেন পর্দার চরিত্রের সঙ্গে নিজেদের মিল খুঁজে পান।’

মুক্তির পর অবশ্য সিনেমাটির সাফল্য নিয়ে আর কোনো সংশয় থাকেনি। ‘দ্য গ্র্যাজুয়েট’ সাতটি অস্কার মনোনয়ন পায়। সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পান হফম্যান এবং সেরা পরিচালকের পুরস্কার জেতেন মাইক নিকোলস। যে চরিত্রে অভিনয় নিয়ে একসময় নিজেরই সংশয় ছিল, সেটিই পরে তার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় কাজ হয়ে ওঠে।

সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর দিকের সংগ্রামের কথাও বলেছেন হফম্যান। নিউইয়র্কে ক্যারিয়ারের শুরুতে অভিনেতা জিন হ্যাকম্যান ও রবার্ট ডুভালের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। তখন তাদের কারও হাতেই নিয়মিত কাজ ছিল না। সংসার চালাতে ডুভাল রাতের পালায় ডাকঘরে কাজ করতেন। অন্যদিকে হ্যাকম্যান কাজ করতেন আসবাবপত্র সরানোর।

‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার কয়েকটি দৃশ্য

হফম্যান বলেন, ‘আমরা কাজ পাব, এমনটা আশা করতাম না। বিখ্যাত হব, সেটাও ভাবিনি।’

‘লুক অ্যাট মি’ স্মৃতিকথায় অভিনয়জীবনের শুরু, সংগ্রাম, খ্যাতি ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেতা। নিজের জীবনের সবচেয়ে গর্বের বিষয় কী এমন প্রশ্নে অভিনয়ের সাফল্য কিংবা পুরস্কারের কথা বলেননি তিনি। বরং বলেছেন পরিবার ও সন্তানদের কথা।

পরিবারের গুরুত্ব তুলে ধরে হফম্যান বলেন, ‘হ্যাঁ, কারণ এটাই সবচেয়ে বাস্তব।’ তার মতে, পরিবার তাকে জীবনের বাস্তবতার সঙ্গে যুক্ত থাকার সুযোগ করে দিয়েছে।

সূত্র: ইয়াহু ডটকম