মাত্র ২২০ মিটার কাছ থেকে হাতছাড়া আসিফ নজরুলের ছিনতাই হওয়া ফোন

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ মুহূর্তে তা উদ্ধার করতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি।

তবে ঠিক ওই মুহূর্তে আসিফ নজরুল আগের সিম উত্তোলন করলে ছিনতাই হওয়া ফোনে থাকা পুরোনো সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিক ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

অভিযানের বর্ণনা দিয়ে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ‘বুধবার গাড়ির খোলা জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুল স্যারের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও সচল ছিল। প্রযুক্তির সহায়তায় আমরা মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি, মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গিয়েছিলাম এবং সেটি উদ্ধারে চূড়ান্ত চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য ও যোগাযোগের সমন্বয়হীনতার কারণে ঠিক সে সময় স্যার আগের সিম উত্তোলন করে ফেলেন। এতে আগের সিমটি বন্ধ হয়ে যাওয়ায় হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’ তবে বিকল্প উপায়ে ফোনটি উদ্ধারের প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ সংলগ্ন সড়কে যানজটের মধ্যে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের আইফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবি যৌথভাবে ছায়া তদন্ত ও অভিযান পরিচালনা করছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের পাশাপাশি অন্যান্য বিশেষায়িত সংস্থাও ফোনটি উদ্ধারে কাজ করছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া ডিভাইসটি ‘আইফোন’ হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা ও কারিগরি জটিলতার কারণে তা উদ্ধারে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। কর্মকর্তাদের মতে, বর্তমানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো আইফোনসহ দামি স্মার্টফোন ছিনতাইয়ের পরপরই সেগুলোর যন্ত্রাংশ (পার্টস) খুলে আলাদা করে ফেলে, যার ফলে চোরাই ফোন অক্ষত অবস্থায় উদ্ধার করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরক্তি প্রকাশ করে আসিফ নজরুল লিখেছিলেন, গাড়ির জানালা খোলা থাকায় এক সেকেন্ডের মধ্যে এক তরুণ ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ওই নম্বর থেকে কেউ টাকা চাইলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির জানালা দিয়ে ভিআইপি ব্যক্তিদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি সড়কে ঠিক একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তাঁর ব্যবহৃত আইফোনটি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারীরা। সে সময় ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিক কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে ঘটনার প্রায় দেড় মাস পর, ওই বছরের ১৯ জুলাই অন্য একটি ছিনতাই মামলার তদন্তে নেমে উদ্ধারকৃত বেশ কিছু চোরাই ফোনের মধ্য থেকে তৎকালীন মন্ত্রীর সেই আইফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ।