খুলনায় একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে আবারও বিএনপি নেতা ও ইট-বালুর ব্যবসায়ী জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে ঢুকে জাকিরকে হত্যা করে দুর্বৃত্তরা।
এদিকে জাকিরকে হত্যার পেছনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে তার ব্যবসায়িক বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, জাকিরের বাড়ি রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী। পাশাপাশি তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জাকিরের ইট-বালুর ব্যবসা ছিল। এ ব্যবসা নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সদস্য পদে প্রার্থী হতে চেয়েছিলেন। সেটিও হত্যাকাণ্ডের কারণ হতে পারে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
তদন্ত–সংশ্লিষ্ট অন্তত তিনজন কর্মকর্তা বলেন, জাকিরের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল, এমন কয়েকজনের নামও প্রাথমিক তদন্তে আসছে।
রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে স্বল্পবাহিরদিয়া গ্রামে আসেন। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল থামান। তখন ওই দোকানে বসে ছিলেন জাকির। তাদের একজন দোকানের ভেতরে ঢুকে তার মাথায় গুলি করেন। এরপর দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান। গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।