সবকিছুর দাম বাড়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ এখনও তিনবেলা ভাত খেতে পারছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, তারা এমন লুটপাট করেছে যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। সেই পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে। বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। সবকিছুর দাম বাড়লেও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে মানুষ এখনও তিনবেলা ভাত খেতে পারছেন।
মন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল, এখনও পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই দলটি জনগণের মধ্যে বেঁচে থাকতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মধ্যে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণও তাঁদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে দেওয়ার পরও কীভাবে কেউ ভাবতে পারেন, এ দেশে তাঁদের বিচার হবে না? দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের ওপর গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো।
জাহিদ হোসেন আরও বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে ‘জগতের সকল প্রাণী সুখী হোক’। তাঁরা সম্মিলিতভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চান। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উত্তরবঙ্গ সংঘনায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব পরিতোষ চক্রবর্তী ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ অন্যরা।