ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত

রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় ডাম্প ট্রাকের চাপায় এক শিশু নিহত ও এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। সম্পর্কে তারা মা-মেয়ে। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ বছরের শিশু মোছা সিনথিয়ার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার সময় পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুইজন আহত হন। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে সিনথিয়া মারা যায়। আহত মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সিনথিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার পিন্টু মিয়ার সন্তান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ডাম্প ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।