ছয়টি জেব্রার বিনিময়ে ৩টি বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে

চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে ৬টি জেব্রার বিনিময়ে তিনটি বাঘ আনা হয়েছে। সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার শর্তে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার(১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে আনা হয়। 

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শন মো. রাজু আহমেদ বলেন, ভোরে তিনটি বাঘ আনার পর থেকেই শারীরিক খোঁজ খবর রাখা হচ্ছে নিয়মিত। বাঘের বয়স মোটামুটি কম তাই বাঘ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। শারীরিক ও প্রজননে সক্ষম বাঘ তিনটি সম্পুর্ন সুস্থ। 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে৷ 

তিনি আরও জানান, বাঘ সুস্থ থাকায় স্বাভাবিক খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা মোট ১০টি। 

এদিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে আনা হয়েছে।

পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে৷ এর আগে, গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। 

জানা যায়, সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। 

তিনি উল্লেখ করেন, বাঘ তিনটি আপাতত আলাদা বেষ্টনী হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যে পার্কের নিদিষ্ট বেষ্টনীতে বাঘগুলো দেওয়া হবে এবং সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।