ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। তবে আগামী ২১ নভেম্বরের নির্ধারিত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখও এখনো ঘোষণা করা হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান জানান, খুলনার লংমার্চের আগেই সিলেটের কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে কর্মসূচিটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তারা।
গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণার সময়ই সিলেটের জন্য রেলপথ বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্য বিভাগগুলোতে সড়কপথে লংমার্চের পরিকল্পনা থাকলেও সিলেটের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হয়।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়কের বেহাল দশার কারণে স্থানীয় পর্যায় থেকে রেলপথে কর্মসূচি আয়োজনের প্রস্তাব আসে। সে অনুযায়ী, ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার পরিকল্পনা করা হয়েছিল। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেছিলেন আয়োজকেরা।
তবে রেলপথে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে নতুন জটিলতা দেখা দেয়। লংমার্চ চলাকালে একই পথে সাধারণ যাত্রীদের ট্রেন চলাচলও স্বাভাবিক রাখতে হবে। ফলে যাত্রীসেবা ব্যাহত না করে একই সময়ে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের বাস্তবতা নিয়ে আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।
এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতারা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে লংমার্চের ঘোষণা দেয় ১১-দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে ২১ নভেম্বর সিলেটমুখী লংমার্চ হওয়ার কথা ছিল। তবে সেটি আপাতত স্থগিত থাকছে। কর্মসূচিটি নতুন করে আয়োজন করা হবে কি না, তা নির্ধারিত হবে ১১ দলের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠকে।
সূত্র: প্রথম আলো