এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ শুরু, নম্বর যাচাইয়ে কড়াকড়ি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এ কার্যক্রম চলছে। খাতা মূল্যায়নে কোনো ধরনের অসংগতি বা নম্বরের গরমিল যাতে না থাকে, সেজন্য এবার কঠোর নজরদারি করা হচ্ছে। পুনর্নিরীক্ষণে কোনো পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলে তা একাধিক ধাপে যাচাই করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর থেকে পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কাজ করা হচ্ছে। এ সময় প্রতিটি উত্তরপত্র সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে, যাতে মূল্যায়নে কোনো ধরনের অসংগতি না থাকে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে শুধু ঢাকা বোর্ডেই আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি।

বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, অনলাইনে জমা পড়া আবেদনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সংগ্রহ করা হবে। এরপর বিষয়ভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। পরীক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় নির্দেশনা শেষে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।

পুনর্মূল্যায়নে কোনো উত্তরপত্রের নম্বর পরিবর্তন হলে সংশ্লিষ্ট পরীক্ষককে সই করা বিবরণী জমা দিতে হবে। এরপর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি, উত্তরপত্রের লিথোকোড ও অন্যান্য তথ্য যাচাই করা হবে। সব তথ্য চূড়ান্তভাবে যাচাইয়ের পর প্রকাশ করা হবে ফল।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর জানান, বিপুলসংখ্যক আবেদনের তথ্য প্রক্রিয়াকরণ অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে। নম্বর পরিবর্তনে যাতে কোনো অসঙ্গতি না থাকে, সেজন্য আইসিটি টিম পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনর্নিরীক্ষণে খাতা মূল্যায়নে বড় ধরনের গাফিলতি বা নম্বরের অস্বাভাবিক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন। খাতা মূল্যায়নে বড় ধরনের অসংগতির কারণে শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে।