ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে দিতে হবে বাড়তি ৪ তথ্য

ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে বাড়তি চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এসব বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

আবেদনকারী কোন অঞ্চলের জন্য আবেদন করবেন, তিনি নিজে রিকশা চালাবেন কি না, তার পেশা এবং মাসিক আয় কত; এই চারটি বিষয় যুক্ত হতে যাচ্ছে ফরমে। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম বলেন, এই চারটি বিষয় যুক্ত করে ফরমটি ছাপানোর জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলে আমরা ফরম ছাপাতে দেবো। এরপর ফরম বিক্রি শুরু করবো। আমাদের এখানে এখনও ফরম বিক্রি শুরু হয়নি। মন্ত্রণালয়ের চিঠি পেলেই আমরা ফরম ছাপানোর কাজ শুরু করবো। এ জন্য দ্রুত কাজ করার চেষ্টা করছি। তবে এখনও ফরম বিক্রির কোনও তারিখ নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

তিনি জানান, ফরমের দাম কত রাখা হবে, সে বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের দাম নির্ধারণের বিষয়ে কিছু বলা নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, সংস্থার ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ আবেদন ফরম বিক্রি করা হবে। এসব অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি জোনের সাথে সমন্বয় করা হবে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙের ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনির মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট জোনের নামও উল্লেখ থাকবে।

রাজস্ব বিভাগের সূত্রে জানা গেছে, কতটি ই–রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে ফরম বিতরণের যে পরিকল্পনা রয়েছে, সেটিও পরিবর্তন হতে পারে।

ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা প্রথমে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা না কিনে নিবন্ধনের আবেদন জমা দেওয়া যাবে না। অর্থাৎ, অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।

ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের অন্যতম শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এরপর বুয়েটের কাছ থেকে কারিগরি অনুমোদন নিতে হবে।

ডিএনসিসির রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৭টি প্রতিষ্ঠান সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনও উৎপাদনে যায়নি। উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলো হলো নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।

বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী, অটোরিকশা তৈরি করতে আগ্রহী নতুন কোনো প্রতিষ্ঠানও উৎপাদনের অনুমতি নিতে পারবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর মন্ত্রণালয় অনুমতি দিলে প্রতিষ্ঠানটি বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এ বিধিমালা কার্যকর হবে।

বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনও ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।

বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং আলাদা হবে। এক জোনের নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলতে পারবে না। 

তিনি আরও জানান, চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে গেলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।