‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলায় হাইকোর্টের অভিমত

বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই

অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশি এক নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। শুধু গ্রেফতারি পরোয়ানা জারিই নয়, দেওয়া হয় কারাদণ্ড, করা হয় প্রায় ১০ কোটি টাকা জরিমানা। বিচারের শুরু থেকে বাংলাদেশি ঐ নাগরিক ছিলেন পলাতক। পরবর্তীকালে ঐ নাগরিকের অবস্থান বাংলাদেশে জানতে পেরে তার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য সরাসরি আবেদন করে দুবাইভিত্তিক কোম্পানি জেরাব এলএলসি। কিন্তু উপযুক্ত কূটনৈতিক চ্যানেলে আবেদনটি না আসায় তা কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীকালে জেরাব এলএলসি হাইকোর্টে রিট করে।

ঐ রিটের আদেশে হাইকোর্ট বলেছে, বিদেশি আদালত কর্তৃক জারি করা কোনো গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার কোনো আইনগত সুযোগ নেই। এটি সুপ্রতিষ্ঠিত যে, কোনো ব্যক্তিকে গ্রেফতার কিংবা বিদেশি রাষ্ট্রে প্রত্যর্পণ বা হস্তান্তরের মতো ক্ষমতা প্রয়োগের জন্য আইনগত কর্তৃত্ব থাকা আবশ্যক। কোনো বিদেশি আদালত কর্তৃক জারিকৃত পরোয়ানার ভিত্তিতেই তা বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের ক্ষমতা অর্জন করে না। এমনকি ঐ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার জন্য দেশীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপিত হয় না। এ ধরনের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে হলে অবশ্যই প্রযোজ্য দেশীয় আইনি কাঠামো এবং তাতে নির্ধারিত পদ্ধতির (কূটনৈতিক চ্যানেল) ওপর ভিত্তি করে হতে হবে। ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র এবং অন্যান্য’ মামলায় বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই অভিমত দেয়। সম্প্রতি এ সংক্রান্ত আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত হন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলম। মামলাটি করে সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গঠিত কোম্পানি জেরাব এলএলসি। অর্থ আত্মসাতের মামলায় ২০২২ সালে ফয়জুলকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম (৯ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকা) জরিমানা করে দুবাইয়ের একটি আদালত। এছাড়া বাংলাদেশি ঐ নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীকালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জেরাব এলএলসি জানতে পারে যে, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ফয়জুল বাংলাদেশে গ্রেফতার হয়েছেন। এরপর তাকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আবেদন করে প্রতিষ্ঠানটি। দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হাইকোর্টে রিট করে তারা।

রিটকারী প্রতিষ্ঠানের পক্ষে শুনানিতে আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত ফয়জুলকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উচ্চ আদালতের নির্দেশনা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকতার হোসেন মো. আব্দুল ওয়াহহাব ও আল ফয়সাল সিদ্দিকী শুনানি করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেন, এ ধরনের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছ থেকে কোনো ধরনের প্রত্যর্পণ বা হস্তান্তরের কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি বাংলাদেশ সরকার। এ ধরনের আনুষ্ঠানিক অনুরোধ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ব্যতীত শুধুমাত্র একটি বেসরকারি কোম্পানির আবেদনের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা কার্যকরে কোনো ধরনের আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই।

উভয় পক্ষের কৌঁসুলিদের বক্তব্য গ্রহণ শেষে হাইকোর্ট বলেছে, এই মামলায় রিট আবেদনকারী জেরাব এলএলসি একটি বেসরকারি কোম্পানি। যারা বিদেশি পরোয়ানা কার্যকর করতে সরাসরি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সরকার উপযুক্ত সরকারি বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণ বা হস্তান্তরের জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ করেছে এমন কোনো তথ্য-উপাত্ত হাইকোর্টের সামনে নেই। এছাড়া রিটকারী প্রতিষ্ঠান আইনের এমন কোনো বিধানও তুলে ধরতে পারেনি, যেখানে কেবল ব্যক্তিগত সক্ষমতায় জেরাব এলএলসির দাখিল করা আবেদন পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদেশি পরোয়ানা কার্যকর করতে আইনগতভাবে বাধ্য।

হাইকোর্ট বলেছে, বিদেশি আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কেবল নিজের ক্ষমতাবলে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বলবেযাগ্য হয়ে ওঠে না। যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে (ফয়জুল) গ্রেফতার বা প্রত্যর্পণ করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ হয় না। কেননা কোনো ব্যক্তিকে গ্রেফতার, প্রত্যর্পণ বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টি অবশ্যই প্রযোজ্য দেশীয় আইন এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করতে হবে। এ কারণে সংবিধিবদ্ধ বা সাংবিধানিক বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হওয়ায় বিদেশি গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বিবাদীদের নিষ্ক্রিয়তার বিষয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই।