বিশ্বের সবচেয়ে ছোট হরিণ: উচ্চতা বিড়ালের চেয়ে সামান্য বড়, নাম– ‘পুডু’

চিলির দক্ষিণে অবস্থিত চিলো দ্বীপে বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির হরিণ পুডুর বসবাস। মাত্র ৪৫ সেন্টিমিটার উচ্চতার এই হরিণটি একটি গৃহপালিত বিড়ালের চেয়ে সামান্য বড়। তবে কুকুরের আক্রমণ এবং সড়ক দুর্ঘটনার কারণে ক্ষুদ্রাকৃতির এই সুন্দর প্রাণীটি এখন বিপন্ন হওয়ার পথে। 

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, এটিই পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ। পূর্ণবয়স্ক নর্দার্ন পুডুর কাঁধ পর্যন্ত উচ্চতা সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার। ওজন সর্বোচ্চ ৬ কেজি। এর বৈজ্ঞানিক নাম Pudella mephistophiles। আগে এটি Pudu mephistophiles নামে পরিচিত ছিল। সাম্প্রতিক শ্রেণিবিন্যাসে এর গণের নাম পরিবর্তন করে Pudella করা হয়েছে।

কোথায় থাকে এই ক্ষুদ্র হরিণ?

নর্দার্ন পুডুর বসবাস দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার বনাঞ্চলে। কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর পার্বত্য এলাকায় এদের দেখা যায়। আর্দ্র পাহাড়ি বন ও প্যারামো নামে পরিচিত উচ্চভূমির পরিবেশ এদের আবাসস্থল।

পুডু নামে পরিচিত আরেকটি প্রজাতি হলো সাউদার্ন পুডু। এর বৈজ্ঞানিক নাম। চিলি ও আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ বনাঞ্চলে এদের বসবাস। নর্দার্ন পুডুর চেয়ে এরা কিছুটা বড়। পূর্ণবয়স্ক সাউদার্ন পুডুর উচ্চতা সাধারণত ৩৫ থেকে ৪৫ সেন্টিমিটারের মধ্যে এবং ওজন ৯ থেকে ১৫ কেজি পর্যন্ত হতে পারে।

পুডু সাধারণত লাজুক ও সতর্ক স্বভাবের প্রাণী। এরা বেশির ভাগ সময় একা থাকে এবং ঘন গাছপালার আড়ালে চলাফেরা করে। ভোর ও সন্ধ্যায় এদের বেশি সক্রিয় দেখা যায়। তবে রাতেও খাবারের সন্ধানে বের হয়।

এরা তৃণভোজী। বনের কচি পাতা, লতা, গুল্ম, ফল, বীজ, গাছের ছাল ও বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। উঁচু ডালের পাতা খেতে হলে পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়ায়। কখনো পড়ে থাকা গাছের গুঁড়ি বেয়েও ওপরে ওঠে।

আকারে ছোট হওয়ায় বনে এদের শিকারির অভাব নেই। পিউমা, শিয়াল, বন্য বিড়াল ও শিকারি পাখি এদের জন্য বিপজ্জনক। বিপদ টের পেলে পুডু কুকুরের ঘেউ ঘেউয়ের মতো শব্দ করে সতর্কসংকেত দেয়। এরপর সোজা পথে না ছুটে আঁকাবাঁকা পথে দৌড়ে ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। পালানোর সুযোগ না থাকলে কখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এতে আশপাশের পরিবেশের সঙ্গে মিশে গিয়ে শিকারির চোখ এড়ানোর চেষ্টা করে।

পুরুষ পুডুর মাথায় ছোট, একক শাখাবিহীন শিং থাকে। এগুলো সাধারণত ৯ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অন্য অনেক হরিণের মতোই প্রতিবছর শিং ঝরে যায় এবং নতুন শিং গজায়।

পুডু শাবক জন্মের পর বেশ কিছুদিন মায়ের কাছাকাছি থাকে। অন্যান্য অনেক হরিণের শাবকের মতো এদের শরীরেও জন্মের সময় সাদা দাগ দেখা যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দাগগুলো মিলিয়ে যায়। ছোট শরীর ও বাদামি লোমের কারণে বনভূমির গাছপালার মধ্যে সহজেই আড়াল হতে পারে এরা।

মাউস ডিয়ার কি পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ?

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায় মাউস ডিয়ার বা ইঁদুর হরিণ। আকারে খুব ছোট হওয়ায় অনেকেই একে পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ মনে করেন। তবে প্রাণিবিজ্ঞানের শ্রেণিবিন্যাসে এরা প্রকৃত হরিণ পরিবারের সদস্য নয়। মাউস ডিয়ার ট্র্যাগুলিডি  পরিবারের প্রাণী। অপরদিকে পুডু হরিণ পরিবারের (Cervidae) অন্তর্ভুক্ত।

তাই প্রকৃত হরিণের মধ্যে সবচেয়ে ছোট হিসেবে নর্দার্ন পুডুর নামই স্বীকৃত।

বন উজাড় ও শিকারে হুমকির মুখে

আকারে ছোট এই হরিণের অস্তিত্বও নানা কারণে ঝুঁকির মুখে। বনভূমি উজাড়, কৃষিকাজ ও মানুষের বসতি সম্প্রসারণে এদের আবাসস্থল সংকুচিত হচ্ছে। পাশাপাশি শিকারি কুকুর ও বন্য শিকারির আক্রমণও এদের জন্য হুমকি।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের তালিকায় নর্দার্ন পুডু ‘তথ্য-অপ্রতুল’ শ্রেণিতে রয়েছে। অর্থাৎ এদের সংখ্যা ও জনসংখ্যার প্রবণতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য এখনো যথেষ্ট নয়। সাউদার্ন পুডুর সংরক্ষণ-অবস্থা নিয়েও বিভিন্ন সূত্রে ভিন্ন শ্রেণিবিন্যাস পাওয়া যায়।

পৃথিবীর সবচেয়ে ছোট হরিণটির আকার হয়তো বিড়ালের কাছাকাছি, কিন্তু দক্ষিণ আমেরিকার বনভূমির বাস্তুতন্ত্রে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষুদ্র প্রাণীটির আবাসস্থল রক্ষা করা প্রকৃতির ভারসাম্য বজায় রাখারও একটি অংশ।