‘শেষ বাঁশির আগে গ্যালারি ছাড়বেন না’

পাকিস্তানের বিপক্ষে আজ সেমিফাইনালের ম্যাচে আরও বেশি দর্শককে মাঠে আসার অনুরোধ করেছেন বাংলাদেশ দলের মার্কিন কোচ থমাস ডুলি। তিনি অনুরোধ করেছেন দর্শকরা যেন শেষ বাঁশি না বাজা পর্যন্ত মাঠে থাকেন। ম্যাচের শেষ মুহূর্তে যে বাড়তি শক্তির প্রয়োজন হয়, সেটা যোগাতে দর্শকের চিৎকার দরকার হয়। তিনি বলেন, 'শ্রীলঙ্কা ম্যাচে গ্যালারিতে প্রায় আট-নয় হাজার আসন খালি ছিল। আমি চাই, আজ সেই আসনগুলো পূর্ণ হোক।'

কোচ থমাস ডুলিও আত্মবিশ্বাস পাচ্ছেন তার খেলোয়াড়দের ওপর। একটা দলের ফুটবলারদের কাছ থেকে যেটা তিনি চেয়েছিলেন সেটাই পেয়েছেন। এই ধারা থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে গতকাল খোলাখুলি বলেছেন ডুলি। 'আমি আগেও অনেক বার বলেছি, এখানে যে দলগুলোর বিপক্ষে আমরা খেলছি, তারা ইন্দোনেশিয়া নয়, ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের কোনো দলও নয়। তারা আমাদের সাফ অঞ্চলের দল। তাই আমরা তাদের চোখে চোখ রেখে লড়াই করতে পারি। হ্যাঁ, এটা এখন নির্ভর করছে দলের ফুটবলারদের মধ্যে জয়ের ক্ষুধাটা কেমন। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে, কার জয়ের ক্ষুধা বেশি।'

দলের নাম্বার নাইন সমস্যা নিয়ে কোচ বলেন, 'অবশ্যই, চার গোল করতে পারাটা স্বস্তির। তবে একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই যে নাম্বার নাইন নিয়ে কথা বলছে, ইব্রাহিমও কিন্তু প্রকৃত অর্থে নাম্বার নাইন নয়। সে নাম্বার টেন কিংবা ইলেভেন পজিশনে খেলে। ইব্রাহিম প্রতিপক্ষের রক্ষণভাগের বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। নাম্বার নাইন হিসেবে খেলতে হলে এমন জায়গায় যেতে হয়, যেখানে শারীরিক আঘাত পাওয়ার ঝুঁকিও থাকে। অনেক খেলোয়াড়ই সেটা করতে চায় না। গত ম্যাচে ইব্রাহিম সেটাই করেছে। হামজা যদি ঐ ম্যাচে খেলত, তাহলে হয়তো সেও এক-দুই কিংবা তিনটি গোল করতে পারত। তারও তিনটি সুযোগ ছিল, কিন্তু সামান্য ব্যবধানের জন্য সেগুলো কাজে লাগেনি।' 

ফারহান আলী ওয়াহেদ প্রসঙ্গে ডুলি বলেন, 'আমি খুশি। ফারহান দারুণ করেছে। পেনাল্টি বক্সের মধ্যে ড্রিবলিং করা তার বিশেষত্ব। এটি আমাদের জন্য বড় সুবিধা। কারণ তার মতো ছোটখাটো গড়নের, দ্রুত পায়ের এবং ভালো টেকনিকের একজন খেলোয়াড়কে প্রতিপক্ষকে সব সময় টেনশনে রাখে।' 

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি

কোচ মনে করেন ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে যা করেছেন পাকিস্তানের বিপক্ষেও একই কাজ করবেন। থমাস ডুলি বলেন, পেনাল্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে।' শ্রীলঙ্কার খেলোয়াড়রা বাংলাদেশের প্রশংসা করেছে বলে জানা কোচ। ম্যাচ শেষে শ্রীলঙ্কা দলের চার-পাঁচ জন জার্মান খেলোয়াড় আমাদের কাছে এসে বলেছে, এটা অবিশ্বাস্য! তারা জানতে চেয়েছে, আমরা খেলোয়াড়দের কী খাওয়াই!