জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ ধারার উপধারা ১ ও ৩ অনুযায়ী এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানায়। প্রতিষ্ঠানটির ওপর আগের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর পর্যন্ত জারি ছিল। আর নতুন আদেশের ফলে সরকারি গেজেট প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে নিষেধাজ্ঞা।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, প্রতিষ্ঠানটি দেশের নিরাপত্তার পরিপন্থী কার্যকলাপে জড়িত। ফলে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে বলা হয়, আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আব্দুল করিম নায়েক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করছেন।

মন্ত্রণালয়ের দাবি, জাকির নায়েকের বক্তব্য ও বিবৃতি আপত্তিকর ও উসকানিমূলক। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে উগ্র বার্তা পৌঁছে দিয়েছেন। এসব বক্তব্য ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে অনুপ্রাণিত করেছে বলেও দাবি করা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড অবিলম্বে নিয়ন্ত্রণ করা না হলে আইআরএফের সঙ্গে সংশ্লিষ্ট আত্মগোপনে থাকা কর্মীদের পুনরায় সংগঠিত করতে পারে। পাশাপাশি দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত করা, ভারতবিরোধী মনোভাব ছড়ানো এবং সশস্ত্র তৎপরতায় সমর্থনের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বাড়ানোর আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ভারতের মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ড. জাকির নায়েক। পরবর্তী সময়ে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। তবে ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ড. জাকির নায়েক এবং তার সংস্থা উসকানিমূলক ভাষণের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় শত্রুতা ও ঘৃণা ছড়াচ্ছে।

এর আগে, ২০১৬ সালের ১৭ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার পাঁচ বছরের জন্য আইআরএফ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামীকাল ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা আরও পাঁচ বছরের জন্য নবায়ন করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।