করাচি থেকে ঢাকা, ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। 

বাংলাদেশের জন্য এই ম্যাচটি শুধুমাত্র সেমিফাইনাল নয়। দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট কেটেছল লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।

আরও একবার ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে। এবারও প্রতিপক্ষ পাকিস্তান। ২১ বছর আগে যে প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল ফাইনালে, এবারও তাদের হারিয়েই ফাইনালে ওঠার হাতছানি।

এছাড়া ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও ঘরের মাঠে ২৩ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া হামজা-জামালরা।