টাঙ্গাইলের মির্জাপুরে আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর শুক্রবার রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এ নির্দেশ দেন।
শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আব্দুর রউফ।
বহিষ্কারের নির্দেশ পাওয়া দুই নেতা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই ট্রাক মালিক সমিতির সহসভাপতি কবির সিকদার।
অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করতে বলা হয়। পরে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পর শুক্রবার রাত ১০টার দিকে সংশ্লিষ্ট দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার পেতে ট্রাক থামিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি।
শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের কাছে সোহেল ও ইউসুফ দাবি করেন, লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই তাঁরা ট্রাক থেকে টাকা আদায় করছিলেন।