তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আহূত সভায় সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের নোটিশে জানানো হয়েছে, সভার প্রথম আলোচ্যসূচি হিসেবে গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরির লিখিত প্রস্তাব গ্রহণ করা হবে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়নের বিষয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।