ভোলা জেলা ডিবি পুলিশের অভিযানে ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া এক স্কুল শিক্ষিকার ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ মো.আব্দুল আলী (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।
এর আগে শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আলী মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি এলাকার বশিরউদ্দিনের ছেলে।
ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার বলেন, গোপন সংবাদের ভোলা সদর রোডে ‘নুর জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে এক ব্যক্তি বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তার সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি চালিয়ে এসব স্বর্নলংকার ও টাকা পাওয়া যায়। পরবর্তীতে এসব স্বর্ণালংকারের বৈধ কাগজপত্র না পাওয়ায় এসব জব্দ করে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার শিক্ষিকা সাম্মা তাছলিমের বাসা থেকে ওই স্বর্নলংকার ও টাকা চুরি করে বিক্রির জন্য ভোলায় নিয়ে আসেন। তিনি ওই স্কুল শিক্ষিকার গাড়িচালক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ও উদ্ধার স্বর্ণালংকার ও টাকা ফিরিয়ে দেওয়ার আইনি কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো.সোহান সরকার, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।