পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার (৬৫) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। কয়েক দফায় ধানক্ষেত, অনাবাদি জমি ও ডোবা থেকে উদ্ধার করা হয় মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ।
সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। এদিন বিকেল পৌনে ৫টায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার হোসেন।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে মানবদেহের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একে একে মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়।
সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল। নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার করা হাত-পায়ের অংশ দেখে সেগুলো তার বাবার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন।
পুলিশের ভাষ্য, পুলিশের তদন্তে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন।
তারা হলেন- কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল বাশার হোসেন (৪০) এবং মোশারফ শিকদারের ছেলে মো. সোহেল (৩৬)।
তাদের মধ্যে সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে স্থানীয়দের ভাষ্য, রুহুল আমিন সিকদারের সঙ্গে সাহিদা বেগমের অনৈতিক সম্পর্কের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বড় সিকদার বাড়ির বাসিন্দা রুহুল আমিন সিকদার নিখোঁজ হন। তিনি স্ত্রী মোসা. সাহিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন।
গত ৪ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে পটুয়াখালী আদালতে আসেন তিনি। হাজিরা শেষে ওই দিন বিকেলে বাউফলের সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে বড় বোন মোসা. ফজলাতুন্নেছার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে নিজের গ্রামের বাড়ি বাজেমহলে যান। সন্ধ্যায় আবার বোনের বাড়িতে ফিরে আসেন। পরে শুক্রবার বিকেলে স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহের সব খণ্ডিত অংশ আইনি ব্যবস্থার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।