সিলেটে উচ্চক্ষমতাসম্পন্ন ৪৮টি বি’স্ফো’র’কসহ ডেটোনেটর উদ্ধার 

সিলেটের কানাইঘাটের নুনছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, এদিন ভোর ৫টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান চালায়। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ভাষ্য, উদ্ধার করা বিস্ফোরকগুলোর গায়ে ‘হাই পাওয়ার ইমালশন এক্সপ্লোসিভস’ লেখা রয়েছে। এগুলো উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। পাশাপাশি উদ্ধার করা ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়।

বিজিবি আরও জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে নুনছড়া চা বাগানের দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

তিনি জানান, সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট সচল রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সরঞ্জাম ও সৌরবিদ্যুৎচালিত নিরাপত্তা ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে।