বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাড়ি ‘জলসা’র মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ নতুন মোড় নিয়েছে। ১৯৯৩ সালে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তরের জন্য করা দানপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তার অভিযোগ, অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা পরিবর্তন করা হয়েছিল।
বিষয়টি নিয়ে মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে শুনানি চলছে। গত সাত মাসে রামোলার করা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
বিরোধের কেন্দ্রে রয়েছে ‘জলসা’র মালিকানা-সংক্রান্ত নথিতে ভিন্ন তথ্য। কাপোল হাউজিং সোসাইটির নথিতে বাড়িটির মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম রয়েছে। সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগের পর বিষয়টি সামনে আসে।
রামোলার দাবি, শুরুতে বাড়িটি তার নামেই নিবন্ধিত হয়েছিল। পরে ১৯৯৩ সালে দানপত্রের মাধ্যমে এর মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে ওই দলিল তৈরির প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে তিনি বলেছেন, সাধারণ কাগজে দলিলটি তৈরি করা হয়েছিল এবং প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও দেওয়া হয়নি। দলিলে কোনো সাক্ষীর স্বাক্ষর ছিল না বলেও অভিযোগ তার।
এ ছাড়া মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় পরবর্তী সময়ে দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রামোলা।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তবে বাড়িটির প্রকৃত মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পারিবারিক বিরোধ উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
মুম্বাইয়ের পরিচিত তারকাবাড়িগুলোর একটি ‘জলসা’। দীর্ঘদিন ধরে প্রতি রোববার বাড়িটির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার রীতি পালন করে আসছেন অমিতাভ। এদিন বাড়ির সামনে জড়ো হওয়া অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতির কারণে বাড়িটি অমিতাভের ভক্তদের কাছেও বিশেষ আকর্ষণের জায়গা হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি