রাউজান

ধাওয়া খেয়ে নিজের দোকানে আশ্রয় নিলেন ব্যবসায়ী, সেখানেই ছুরিকাঘাত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের ব্যস্ততম আমির মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মুরাদ (৩৩) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলে মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় নারীসহ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও দিগ্বিদিক ছোটাছুটি শুরু হয়।

আহত মুরাদ নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামের শামশুল আলম সওদাগরের ছেলে। তিনি আমির মার্কেটের ১ নম্বর গলিতে অবস্থিত ‘মৌসুমী স্টোর’ নামের একটি কাপড় ও কসমেটিকসের দোকানের মালিক। হামলায় অভিযুক্ত মোহাম্মদ সাব্বির (৩৪) একই গ্রামের মো. শফির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় অভিযুক্ত সাব্বির ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করেন। প্রাণভয়ে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানে আশ্রয় নেন। এ সময় পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানের ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে ‘ছবি কেন ডিলিট করিসনি’ বলে মুরাদের পেটে ছুরিকাঘাত করেন তিনি। পরে অন্যান্য ব্যবসায়ী ও পথচারীরা গুরুতর আহত অবস্থায় মুরাদকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান সাব্বির। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকস্মিক এ হামলায় পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। মার্কেটে কেনাকাটা করতে আসা নারীসহ অন্যান্য ক্রেতারা দিগ্বিদিক ছোটাছুটি করেন। এতে পথেরহাটের ব্যস্ততম এ বাণিজ্যিক এলাকায় সাময়িক স্থবিরতা সৃষ্টি হয়।

তবে অভিযোগ প্রসঙ্গে জানতে চেয়ে একাধিকবার সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। এতে নিরপেক্ষভাবে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান বলেন ইত্তেফাক ডিজিটালকে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ পৌঁছার আগেই আহত ব্যবসায়ীকে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছিল। হামলাকারী পালিয়ে গেছেন। আহত ও অভিযুক্ত দুজনের বাড়িই নোয়াপাড়ার পটিয়াপাড়া গ্রামে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। কয়েক দিন আগেও তাদের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।